২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আটক ২০

বিএনপি  নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে ময়মনসিংহে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:02 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২৫জন আহত হয়েছে। আটক করা হয়েছে ২০ জনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে।

মিছিলটি নতুন বাজার মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ইটের আঘাতে কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা মাজেদুর রহমান ও দুই জন কনস্টেবল আহত হন বলে জানান কোতোয়ালী থানার ওসি ফজলুল করিম।

“ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।”

ওই ঘটনায় বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ।

সকাল আটটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ১ নম্বর গেইট দিয়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

পুলিশ তাদের ধাওয়া করলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দুইটি হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়।

এরপর হরতাল সমর্থণকারীরা ক্যাম্পাসের পাশে ঢাকা-ময়মনসিংহ রুটের রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সরে যায়।

ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসের ফিসারি মোড়েও আগুন ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় এক পিকেটারকে আটক করে পুলিশ।