‘আটকের ভয় দেখিয়ে লাভ নেই’
নেতাদের আটক রাখার ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “সারাদেশে সর্বাত্মক হরতাল চলছে। সরকার ভেবেছে, পুলিশকে গুলির নির্দেশ দিয়ে বিরোধী দলের আন্দোলন রুখে দেবে। সেজন্য হাজার হাজার মিথ্যা মামলা দেয়া হচ্ছে। নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে।”
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, নির্দলীয় সরকার ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। গুলি করেন, কিংবা যত মামলাই দেন, আন্দোলনের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে।”
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “আটক নেতাদের মুক্তি না দিলে আন্দোলনের কর্মসূচি আরও তীব্র করা হবে।”
নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বুধবার শুরু হওয়া ৩৬ ঘন্টার দেশব্যাপী টানা হরতাল কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেষ হবে।
গত ১১ মার্চ নয়া পল্টনের কার্যালয়ে পুলিশ অভিযানে ১৫১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
সকালে বিএনপি কার্যালয়ের কাছে নাইটেঙ্গল রেস্তোরার মোড়ে চারটি ককটেল বিস্ফোরিত হয়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেলও পুলিশ উদ্ধার করেছে।
দলীয় কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। পাশ দিয়ে কেউ হেটে গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে।
ভেতরে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ প্রশিক্ষন বিষয়ক সম্পাদক তারিকুল আলম তেজনজিংসহ কয়েকজন কর্মী রয়েছেন।
এরই মধ্যে যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ের নিচে আসেন।
তিনি অভিযোগ করেন, “সরকার বিরোধী দলকে তার মিছিল-মিটিং এবং হরতাল করা ইত্যাদি সাংবিধানিক অধিকার পালন করতে পদে পদে বাধা দিচ্ছে। তারা মিছিল করতে দিচ্ছে না। আমাদের পার্টি অফিস পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। আমরা মনে করি, সরকার স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে।”
