২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যাচার করছেন মন্ত্রীরা: ফখরুল

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 07:58 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

যুদ্ধাপরাধের বিচার বিএনপি চায় না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম বলেন, “আমরা বার বার বলে আসছি, বিএনপি যুদ্ধাপরাধসহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার চায়। তবে সেই বিচার ন্যায় বিচার হতে হবে। ওই বিচার পক্ষপাতহীন, রাজনৈতিকমুক্ত, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছভাবে করতে হবে।”

মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পুস্পমাল্য অর্পণের কেন্দ্রীয় কর্মসূচির পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “দুভার্গ্য এই বিচার দেশে ও বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। এজন্য জনাব সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য টিকে না। তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রকৃত যুদ্ধাপরাধীদের মাফ করে দিয়েছিল। এখন সেই দোষ আমাদের ওপর চাপানোর জন্য সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব এখন এরকম মিথ্যাচার করছেন।”

মঙ্গলবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী বলেন, খালেদা জিয়া ‘সব শক্তি দিয়ে’ যুদ্ধাপরাধের বিচার বানচালে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন।

সেনাবাহিনীকে উস্কে দেয়ার জন্য বিরোধী দলীয় নেতা বগুড়ায় বক্তব্য দিয়েছেন বলে আওয়ামী লীগের মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানান ফখরুল।

“বগুড়ায় বিরোধী দলীয় নেতা সেনা বাহিনীকে উস্কে দেয়ার মতো কোনো বক্তব্য রাখেননি। গত ৩ মার্চ বগুড়ার শাহজাহানপুরে সেনাবাহিনী জনগনের জানমালের নিরাপত্তায় যে ভূমিকা রেখেছে, তার প্রশংসা করেছেন বিরোধী দলীয় নেতা। তাই সৈয়দ আশরাফ সাহেব ও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা সঠিক নয়।”

বিরোধীদলীয় নেতার প্রতি ইংগিত করে সৈয়দ আশরাফ বলেন, “তিনি কয়েকদিন আগে বগুড়ায় গিয়ে- বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায়, বাংলাদেশের সংবিধানে হস্তক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। এটা নজিরবিহীন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের কোনো ঘটনা অতীতে ঘটেছে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।”

সৈয়দ আশরাফের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সোমবার বলেন, সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহসম’

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমান সংকট অবসানে গণতন্ত্র পুনরুদ্ধার করাই দলের জন্য প্রধান চ্যালেঞ্জ।

“গণতন্ত্র আজ হারিয়ে যেতে বসেছে। দেশের অস্তিত্ব বিপন্ন। এই রকম সংকটাবস্থায় আমাদের কাছে আজ বড় চ্যালেঞ্জ হচ্ছে- গণতন্ত্র পূণরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধার করা।”

এজন্য খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন বেগবান করার দৃঢ় শপথ নেয়ার কথাও বলেন তিনি।

এর আগে সকালে খালেদা জিয়ার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর তিনি শেরেবাংলা নগরের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, হায়দার আলী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্ত্রীয় নেতা নুর মোহাম্মদ খান, মাসুদ আহমেদ তালুকদার, জাফরুল হাসান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানাসহ সাংসদবৃন্দ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণের পর কবর প্রাঙ্গনে জাতীয়তাবাদী উলামা দলের আয়োজিত কোরানখানি ও মিলাদ মাহফিলে অংশ নেন বিরোধী দলীয় নেতা। মিলাদে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারা এই মামলা থেকে রেহাই পাচ্ছেন না।

স্বাধীনতার মাসে সরকারের নির্দেশে পুলিশ বাহিনী সারাদেশে ‘গণহত্যা’ চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার মারিয়া হয়ে উঠেছে। এখন তারা সাধারণ মানুষের ওপর গুলি করছে। এই অবস্থা চলতে দেয়া যায় না।”

বর্তমান সংকটের জন্য সরকারকে দায়ী করে ফখরুল দাবি করেন, কেবলমাত্র নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই অবস্থা উত্তরণ ঘটতে পারে। আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।’’

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, মামলা-মোকদ্দমা দিয়ে নির্দলীয় সরকারের আন্দোলন বন্ধ করা যাবে না। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।’

দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি, নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে সরকার নৈরাজ্যকর পরিস্থিতি থেকে জনগনকে মুক্তি দেবে। নইলে সংঘাত আরও প্রকট হবে।”