‘সেনা হস্তক্ষেপের কথা বলেননি খালেদা’
বগুড়ায় খালেদা জিয়ার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিএনপি বলেছে, সেনা হস্তক্ষেপের কথা বিরোধীদলীয় নেতা বলেননি।
গণমাধ্যমে ওই বক্তব্য সঠিকভাবে উপস্থাপিত হয়নি দাবি করে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনা হস্তক্ষেপ বিএনপি সমর্থন করে না।
তিনি বলেছেন, “কিছু পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার বগুড়ায় বিরোধীদলীয় নেতার যে বক্তব্য প্রকাশ হয়েছে, তা যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল সেনাবাহিনীর হস্তক্ষেপ সমর্থন করে না। বিএনপি সেনা হস্তক্ষেপে বিরোধিতাই শুধু করে না, এর বিরুদ্ধে।”
“আমরা গণতান্ত্রিক শাসনে বিশ্বাসী,” বলেন বিএনপির মুখপাত্র।
তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় নেতার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা যত্নবান হবেন।
বগুড়ার মাটিডালা বিমান মোড়ে রোববারের সমাবেশে সেনাবাহিনীর বিষয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য হুবহু সংবাদ সম্মেলনে তুলে ধরেন ফখরুল।
“বগুড়ার শাহজাহানপুরে বিরোধীদলীয় নেতা ৩ মার্চের ঘটনা তুলে ধরেন। সেখানে জনগণের জান-মাল রক্ষা ও জনগণের ওপর গুলি না করায় সেনাবাহিনীকে অভিনন্দন জানান।”
“এরপর বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে সময়মতো দায়িত্ব পালন করবে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে শান্তি স্থাপনে কাজ করতে যায়। তাদের দেশে যদি শান্তি না থাকে, তাহলে বিদেশিরা বলবে, আমাদের সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না। এসব আজ ভাববার সময় এসেছে।”
ফখরুল বলেন, “দেশের সরকার যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকলে তারা প্রশাসনকে সহযোগিতা করতে আসে। অতীতে এমনটি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় নির্বাচনের সময়ে সরকার সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে থাকে।
“কিন্তু কোনোভাবে সেনাশাসন কিংবা সেনা হস্তক্ষেপের আমরা বিরোধিতা করি। কোনো গণতান্ত্রিক দল তা চায় না।”
সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়ার ওই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
একে সেনা হস্তক্ষেপের ‘উস্কানি’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সোমবার দলের এক সভায় তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সেনা হস্তক্ষেপ কামনা করছে।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সামরিক শাসক পরিচয়ও তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা।
তার বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ ভালোভাবেই জানে ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াই একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
“দেশনেত্রী খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কারা গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল, তা এদেশের মানুষ জানে।”
ওই সংবাদ সম্মেলনে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে আটক বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবিতে আগামী ২৭ ও ২৮ মার্চ হরতালের ডাক দেয়া হয়।
এতে ফখরুল বলেন, “প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সম্মানে রাষ্ট্রীয় শোকের সময়ে সরকার আটক নেতা-কর্মীদের ডাণ্ডাবেড়ি পরিয়ে রিমান্ডে এনেছে, তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে রিমান্ড চলা অবস্থায় মিথ্যা অভিযোগপত্র দিয়েছে। এসব নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা।”
প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির তিন দিনের শোক পালন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বঙ্গভবনে গিয়ে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা জানানোর বিষয়গুলো তুলে ধরেন ফখরুল।
“কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের সময়ে ২১ মার্চ মেহেরপুর, ঝিনাইদহের মহেশপুর, যশোরের মনিরামপুর, চৌগাছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা গুলিবর্ষণ করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করেছে। বিরোধী দলের ওপর সরকারের জুলুম নির্যাতন বন্ধ হয়নি,” বলেন তিনি।
