জামায়াত-পুলিশ সংঘর্ষ, আ’লীগ সমর্থকের বাড়িতে আগুন
যশোরের মনিরামপুর উপজেলায় আসামি ধরতে যাওয়ায় শুক্রবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতকর্মীদের সংঘর্ষে একব্যক্তি নিহত এবং পুলিশসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
এর জেরে দুপুরে এলাকার আওয়ামী লীগ সমর্থিত অর্ধশতাধিক বাড়িঘরে আগুন দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে বিএনপি-জামায়াত সমর্থকরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
মনিরামপুর থানার ওসি আলী আযম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে জামায়াত ও বিএনপির লোকজন জয়পুর গ্রামের আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের অর্ধশত বাড়িঘরে আগুন দেয়।
এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকে বাধা দেয়া হয়। রাস্তায় বড় বড় গাছ ফেলে অবরোধ করা হয়।
সহকারী পুলিশ সুপার সৈয়দ মোস্তফা বলেন, পুলিশের একটি দল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুর রহমানকে গ্রেপ্তারের জন্য শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে গিয়ে হামলার শিকার হয়।
“মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে জামায়াত ও বিএনপিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।”
“হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে এবং পুলিশ সদস্যদের মারধর করে। এতে আমাদের ১০/১২জন আহত হন। পরে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা।
সংঘর্ষের সময় আনিসুর রহমান নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে সহকারী পুলিশ সুপার জানান।
ওই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আনিসুরকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন উপজেলা জামায়াত নেতারা।
আহতদের মধ্যে ১১ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিজান, আক্কাস, মোশাররফ ও মন্টু নামে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলাতেও আসামি ধরতে গিয়ে একই ধরনের আক্রমণের মুখে পড়ে পুলিশ। সেখানেও সংঘর্ষে একজন নিহত হন।
