২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কফিনে খালেদার শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 07:36 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

বৃহস্পতিবার বেলা ২টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গভবনে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। এরপর দরবার হলে রাখা রাষ্ট্রপতির কফিনে ফুল দেন তিনি। 

পরে তিনি রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং বঙ্গভবনে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দরবার হলে উপস্থিত থাকলেও মুখোমুখী হননি দুই নেত্রী।  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।       

বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছায় রাষ্ট্রপতির মরদেহ। সেখান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় মোটর শোভাযাত্রা করে কফিন নিয়ে আসা হয় বঙ্গভবনে।

রাষ্ট্রপতি শেষবারের মতো বঙ্গভবনে পৌঁছানোর পর তার প্রতি সশস্ত্র সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও তিন দিনের শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে।

শুক্র ও শনিবার বিএনপি চেয়ারপার্সনের বগুড়া ও জয়পুরহাট সফরও একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মো. জিল্লুর রহমান বুধবার বিকালে মারা যান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন জিল্লুর রহমান।