সিলেটে পুলিশের উপর হামলার মামলায় আসামি ২ শতাধিক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ২১৮ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার গভীর রাতে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বাদি হয়ে এ মামলা দু’টি দায়ের করেন।
বুধবার সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে হরতাল চলাকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুঁড়ে।
সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক শিবিরকর্মী নিহত হন। দুই পুলিশসহ আহত হয় আরো ১০ জন।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হরতাল চলাকালে বিশ্বনাথের কারিকোনা এলাকায় পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার চেষ্টা ও নাশকতা চেষ্টার অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৮০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দু’টি দায়ের করা হয়।
দুটি মামলাতেই খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।
