২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোনার বাংলা গড়ার কাজে নিরলস ছিলেন তিনি’

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, Òজিল্লুর রহমান ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ্বস্ত সৈনিক।

“তিনি বঙ্গবন্ধুর নির্দেশে দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে ষাটের দশকের তরুণদের কাছে এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। তিনি দেশ, জাতির কল্যাণে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমৃত্যু নিরলসভাবে কাজ করেছেন।”

বুধবার বিকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিল্লুর রহমান।

জন প্রতিনিধি হিসেবে জিল্লুরের বারবার নির্বাচিত হওয়ার দিকটি তুলে ধরে আশরাফ বলেন, “মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যই বারবার জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি।

“বহুমাত্রিক গুণে মহিমান্বিত বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জিল্লুর রহমানকে হারিয়ে বাঙালি জাতি তার এক আত্মার আত্মীয় ও অকৃত্রিম সুহৃদকে হারাল, যা সহজে পূরণ হবার নয়।”

জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর নানা টানাপোড়েনের মধ্যে আওয়ামী লীগকে ধরে রাখতে জিল্লুরের অবদান ‍কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন আশরাফ। 

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রয়াত রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।