‘দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারালো’
‘রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আর আমরা হারালাম বাংলাদেশের রাজনীতির নিখাদ শুদ্ধ পুরুষ ও অভিভাবককে।’
এভাবেই প্রয়াত রাষ্ট্রপতিকে মূল্যায়ন করলেন চট্টগ্রামের রাজনীতিবিদরা।
তার মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, “জিল্লুর রহমান ছিলেন আমাদের অভিভাবক। দলের দু:সময়ের কাণ্ডারি হিসেবে তিনি দলের হাল ধরেছিলেন।”
সাবেক এই সিটি মেয়র বলেন, জিল্লুর রহমান একজন দলীয় লোক হয়েও নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে গেছেন।
প্রয়াত জিল্লুর রহমানকে ‘রাজনীতির নিখাদ শুদ্ধ পুরুষ’ আখ্যায়িত করে মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, তিনি ছিলেন একজন যোগ্য, দক্ষ ও ত্যাগী মানুষ। তার মৃত্যুতে দেশবাসীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, জিল্লুর রহমান ছিলেন দেশের একজন বর্ষীয়ান নেতা। মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক।
প্রয়াত জিল্লুর রহমানকে আওয়ামী লীগের ‘অভিভাবক’ আখ্যায়িত করে তিনি বলেন, ১/১১ এর সময় জিল্লুর রহমান শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। দেশের যেকোন সংকটের সময় নির্দেশনা দেয়ার জন্য উপযুক্ত লোক ছিলেন জিল্লুর রহমান।
প্রতিক্রিয়ায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম বলেন,বঙ্গবন্ধুর আমল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি [জিল্লুর রহমান] দলের আদর্শের প্রতি অবিচল থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে একজন ‘স্বনামধন্য রাজনীতিবিদ’ আখ্যাযিত করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য তার অবদান অপরিসীম। তার চলে যাওয়াটা রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সংরক্ষিত মহিলা আসনের এমপি চেমন আরা তৈয়ব, চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন, উদীচী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
