‘বিরোধীদের দমনে আইনের অপব্যবহার করছে সরকার’
সরকার বিরোধী দলগুলোকে দমনে আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর তিনি বলেন, “দেশে আজ কোনো আইনের শাসন নেই। বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলা হয়েছে। বুধবার দলের ১৫১ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেয়া হয়েছে। এটাই প্রমাণ করে, সরকার আদালতের মাধ্যমে বিরোধী দলকে দমনে আইনের অপব্যবহার করে যাচ্ছে।”
বুধবারের মধ্যে আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে- মঙ্গলবার দলের এই ঘোষণা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নেতাদের জামিন দেয়নি। সেজন্য অতি দ্রুত আমরা পরবর্তী কর্মসূচি জানাব।”
সরকার দেশকে একদলীয় শাসনব্যবস্থার আদলে পরিচালিত করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “এখানে গণতন্ত্র বলে কিছু নেই। বিরোধী দলের আটক নেতারা আদালতে জামিন প্রার্থনা করে জামিন পান না। উল্টো তাদের রিমান্ডে নেয়া হচ্ছে। এ থেকে বুঝা যায়, দেশে আইনের শাসন বলে কিছু নেই।”
নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলায় বুধবার বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে আদালত।
তাদের কারাগারে রাখতে বলা হলেও এ দুই মামলার অপর ১৫১ আসামিকে মোট আট দিনের পুলিশ রিমন্ডে পাঠানো হয়।
বুধবার বিকালে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মিয়াসহ দুই সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে মির্জা ফখরুল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন।
তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এ সময়ে স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা নির্বাচিত হন।
ভারপ্রাপ্ত মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, বিচার বিভাগ দলীয়করণে বিদ্যমান স্বৈরাচারী ব্যবস্থার অবসানে নবনির্বাচিত আইনজীবী কর্মকর্তারা ভূমিকা রাখবেন।
তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।
