সংলাপ চেয়ে রিটের আদেশ পেছাল
দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে সংলাপের নির্দেশনা চেয়ে করা দুটি রিট আবেদনে আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন রেখেছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ১৪ মার্চ ও ডেইলি মর্নিং পোস্টের সম্পাদক ও প্রকাশক হাবিবুল বাশার ১৮ মার্চ এই রিট আবেদন দুটি করেন। মঙ্গলবার শুনানির পর আদালত বুধবার আবেদন দুটি আদেশের জন্য রেখেছিল।
আবেদন দুটি আদেশের জন্য দিনের কার্যসূচিতে এলেও সাবেক বিএনপি নেতা ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা দাঁড়িয়ে বলেন, “মাই লর্ড, এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আমি অনেক দিন ধরে কথা বলে আসছি। তাই এই রিটে আমার কিছু বলার আছে। আমি এই মামলায় শুনানি করতে চাই।
আদালত এ সময় বলেন, “আমরাতো আদেশের জন্য রেখেছি। আপনার শুনানি কীভাবে নেব?”
নাজমুল হুদা বলেন, “আমাকে একদিন সময় দিন। আগামীকাল আমার বক্তব্য শুনে আদেশ দিতে পারেন।”
এরপর আদালত বৃহস্পতিবার পর্যন্ত আদেশ পিছিয়ে দেয়।
দুই রিটের আবেদনকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ এবং সাংবাদিক হাবিবুল বাশার নিজেরাই মঙ্গলবার আদালতে শুনানি করেন।
‘রাজনৈতিক সংকট’ কাটাতে এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য নির্দেশনা দিতে এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান ত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে কেন র্নিদশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ইউনুস আলীর রিটে।
তার আবেদনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়।
হাবিবুল বাশারের আবেদনেও দুই নেত্রীর প্রতি একই ধরনের নির্দেশনা চাওয়া হয়।
আদালত এ সময় বলে, সংলাপ ও নির্বাচন নিয়ে তো সংবিধানেই বলা আছে।
জবাবে আবেদনকারী বলেন, বর্তমানে দুই প্রধান দলের মধ্যে বিদ্বেষপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আদালতের নির্দেশনা প্রয়োজন।
পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন রাখে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।
এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেন, সংলাপে তার দলের আপত্তি নেই, তবে বিএনপিকে আলোচনায় আসতে হবে শর্ত ছাড়া।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংলাপের সম্ভাবনা নাকচ করে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
ক্ষমতাসীন ও বিরোধী দলের এই পাল্টাপাল্টির বক্তব্যের মধ্যে গত ৯ মার্চ নাজমুল হুদা বলেন, কোনো ধরনের শর্ত ছাড়াই আগামী নির্বাচন নিয়ে বড় দুই দলের আলোচনায় বসা উচিৎ।
বিএনপিতে থাকার সময়েও দুই নেত্রীকে এক মঞ্চে আনার পক্ষে কথা বলে দলের ভিতরে বাইরে আলোচিত-সমালোচিত হন হুদা।
পরে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করলেও সম্প্রতি সেখান থেকেও বহিষ্কৃত হন এই আইনজীবী।
