সিরাজগঞ্জে কিন্ডারগার্টেনে আগুন হরতালকারীদের
সিরাজগঞ্জের খোকশাবাড়িতে মঙ্গলবার হরতাল সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ চলাকালে বিএনপি-জামায়াত সমর্থকরা একটি কিন্ডারগার্টেনসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে।
এদিকে সদর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে খোকশাবাড়ির আশপাশে কয়েকহাজার বিএনপি-জামায়াত সমর্থক জমায়েত হয়।
এদিকে ফকিরতলা মোড়ে জড়ো হয় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।
এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আওয়ামী লীগ সমর্থকরা পলিটেকনিক্যালের সামনে বিএনপি সমর্থকের একটি কম্পিউটারের দোকানে ভাংচুর করে এবং মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।
এরপর জামায়াত-বিএনপিকর্মীরা একই এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের একটি কিন্ডারগার্টেনসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে প্রায় দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজিবি, র্যাব, পুলিশ টিয়ারসেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
সিরাজগঞ্জ সদর সার্কেল এএসপি কাজী এহসানুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সংঘবদ্ধ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, সকালে বহুলী বাজারে পিকেটারেরা একটি মটরসাইকেলে অগ্নিসংযোগ, ৩টি মোটরসাইকেল ভাংচুর করে এবং শহরের একটি ময়দার মিল ভাংচুর করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদরের ১১টি পয়েন্ট, উল্লাপাড়া ১টি পয়েন্ট এবং তাড়াশ উপজেলার ৩টি পয়েন্টে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
