চাঁদপুরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে চাঁদপুরে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের চিত্রলেখা এলাকায় মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় হরতাল সমর্থনকারীরা কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে সংঘর্ষ ও পিকেটিংয়ের ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে।
এদিকে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার দুটি মামলা করেছে।
সোমবার রাতের ওই সংঘর্ষে অর্ধশত আহত হয়। বেশকিছু দোকানপাটে হামলা ও ভাংচুর এবং প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে কাচের বোতল ভেঙ্গে ফেলে রাখা হয়।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন জানান, এনায়েতপুরে সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ৪০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৬শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
