সিরাজগঞ্জে হরতালকারী ও বিরোধীদের সংঘর্ষ
হরতাল চলাকালে সিরাজগঞ্জের কয়েকটি স্থানে জামায়াত-বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার মূলিবাড়ি, খোকসাবাড়ি ও উল্লাপাড়ায় পিকেটার ও হরতাল বিরোধীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খোকসাবাড়ি এলাকায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দুই দফা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়।
এছাড়া, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মূলিবাড়ি এলাকায় হরতাল সমর্থক ও হরতাল বিরোধীদের সংঘর্ষের সময় ভটভটি উল্টে চারজন এবং পিকেটারদের মারধরে একজন আহত হন।
এদের মধ্যে বীথি খাতুনকে (৩০) গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম খান।
উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস বলেন, উপজেলার বাকুয়ায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়। এসময় ৮/১০ জন পিকেটার আহত হয় বলেও জানান তিনি।
