‘জনগণের কী ঠেকা যে খালেদার জন্য রক্ত দেবে’
বিরোধী দল রক্তপাতের রাজনীতি করছে দাবি করে তার সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা।
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষের কীসের ঠেকা- এই খালেদার (খালেদা জিয়া) জন্য রক্ত দেবে?
“উনি প্রধানমন্ত্রী হতে চান, ক্ষমতায় যেতে চান। এটিই তার এক দফা। তাকে ক্ষমতায় বসাতে বাংলার মানুষ কেন রক্ত দেবে?”
গত শনিবার সিঙ্গাইরের জনসভায় বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
সিঙ্গাইরের জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, “এদের (সরকার) বিদায়ের জন্য হয়ত আরো কিছু প্রাণহানি হবে। তারপরও সরকার পতনের জন্য আমাদের রাস্তায় নামতে হবে।”
যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়, তাদের মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “প্রধানমন্ত্রী ডাক দিলেই এই চক্রকে মোকাবেলা করতে হবে।”
যারা সংখ্যালঘুদের ওপর হামলা করবে, তাদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে হিন্দু উপাসনালয় ও বসতিতে হামলার চিত্র তুলে ধরে আশরাফ বলেন, “বিরোধীদলীয় নেতা উঠে-পড়ে লেগেছেন দেশে একটি তাণ্ডবলীলা সৃষ্টি করতে।”
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা।
এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শাহবাগের তরুণদের ‘নষ্ট’ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের নিন্দা জানান মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “নষ্ট আপনি, নষ্ট আপনার ছেলেরা। এই নষ্টদেরই বিচার করা হবে।
“আপনার ছেলে লন্ডনে আছে। সে আমেরিকায় যায় না কেন? আপনার আরেক ছেলে সিঙ্গাপুরে যায় না কেন?”
খালেদার দুই ছেলের বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগের দিকে ইঙ্গিত করে সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “আপনি তারেক ও আরাফাতের মা। আপনার দুই ছেলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে।”
সোম ও মঙ্গলবার দুদিনের হরতালের আগে রোববার রাতে যানবাহনে আগুন দেয়ার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “খালেদা জিয়া- আপনি পরাজিত হবেন। আপনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন।
“যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেই আমরা ঘরে ফিরব।”
উপদেষ্টা পরিষদের সদস্য আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “কী যে আবোল-তাবোল কথা বলেন, যার কোনো মানেই হয় না।”
প্রজন্ম চত্বরের জাগরণ মঞ্চকে ‘মঞ্চ-ফঞ্চ’ বলায় খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “ইচ্ছা হলে জামাতকে নিয়ে গোটা দশেক মঞ্চ করেন। দেখেন ওই মঞ্চ-ফঞ্চ টেকে কি না “
খালেদা জিয়াকে জামায়াত-শিবিরের ‘গডমাদার’ হিসাবে উল্লেখ করে নাসিম বলেন, “বাংলাদেশের জনগণ খালেদা জিয়া বিচার করবে।”
জনসভায় বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মদ হোসেন।
সংসদ সদস্য ফজলে নূর তাপস, কৃষক লীগের হারুনর রশীদ, শ্রমিক লীগের শুক্কুর মাহমুদ, মহিলা আওয়ামী লীগের আশরাফূন্নেসা মোশাররফ, যুব মহিলা লীগের নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা মো. আবু কাওসার এবং ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও সমাবেশে বক্তব্য রাখেন।
