২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে শরিকদের মাঠে থাকতে বিএনপির তাগিদ

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা দুদিনের হরতালে শরিক দলগুলোকে মাঠে থাকার তাগিদ দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে জোটের জরুরি বৈঠকে শরিকদের মাঠে থাকার বিষয়ে নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তাগিদ দেন।

বৈঠকের পর জোটের অন্যতম শরিক ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি মহাসচিব হরতাল সফল করার জন্য শরিকদের মাঠে থাকতে বলেছেন। আমরা শান্তিপূর্ণভাবে এই হরতাল করব।”

১১ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান ও ভাংচুরের পর আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

দুপুর দেড়টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়েজুল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতিম-লীর সদস্য খন্দকার সিরাজুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, ইসলামিক পার্টির মহাসচিব আবদুল রশিদ খান, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন,  জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন ইকরাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান উপস্থিত ছিলেন।

জোটের বৈঠক শেষ হওয়ার পর দুপুর সোয়া ২টার দিকে নয়াপল্টনে সিটি ব্যাংকের কাছে হরতাল সমর্থকরা একটি মিনিট্রাকে আগুন ধরিয়ে দেয়। এরপর হরতাল সমর্থকরা একটি বাসেও ইটপাটকেল নিক্ষেপ করে।

২টা ২০ মিনিটে মির্জা ফখরুলসহ নেতারা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গেলে প্রধান ফটক ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়।

মহানগরের যৌথসভা

এদিকে বেলা ১২টার দিকে নয়া পল্টনে মহানগর কার্যালয়ে এক যৌথসভায় মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মীদের হরতালের সময়ে রাস্তায় শান্তিপূর্ণভাবে অবস্থানের নির্দেশ দেন।

মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, আবু সাঈদ খান খোকন, এম এ কাইয়ুম, মো. মোহন, আলী আজগর মাতবর, আহসান উল্লাহসহ থানা ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।