‘প্রধানমন্ত্রী সংলাপের পরিবেশ নষ্ট করছেন’
বিএনপিকে ‘পাকিস্থানি দল’ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর বক্তব্যে আলোচনার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির প্রায়াত মহাসচিব খোন্দাকার দেলোয়ার হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, “একদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলোচনার কথা বলেন, অপরদিকে তাদের সভানেত্রী শেখ হাসিনা আমাদের দলকে (বিএনপি) পাকিস্থানি দল বলেন। প্রধানমন্ত্রী এসব আবল-তাবল কথা বলে সংলাপের পরিবেশ নষ্ট করছেন।”
তিনি বলেন, “আমরা সংলাপের জন্য প্রস্তুত এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রত্যাবর্তনের জন্য সংলাপ হলে সেই সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে।”
বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য এমকে আনোয়ার বলেন, “বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার আগুন নিয়ে খেলা করছে। তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন কমিশনের উপর নতুন ভাবে হস্তক্ষেপ করছে।”
“আপনারা একদিকে সেনাবাহিনীর সবকাজের প্রশংসা করেন আর অন্যদিকে নির্বাচন ইস্যুতে তাদের (সেনাবাহিনী) উপর অনাস্থা আনবেন তা হতে পারে না।”
আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকত উল্লা বুলু, সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
