‘নিজের ঘরে কেউ কি বোমা রাখে’
নয়া পল্টনের দলীয় কার্যালয়ে পুলিশের বোমা উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সকালে এক আলোচনা সভায় গত ১১ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারের চররা এই বোমা রেখে তার দোষ বিএনপির ওপর চাপাচ্ছে। আমি তাদের বলব, নিজের ঘরে নিজেরা বোমা রেখে কেউ কি আত্মহত্যা করতে চায়। এভাবে নাটক সাজিয়ে কোনো লাভ নেই। দেশের মানুষ সরকারকে চিনে গেছে।”
সরকার দেশকে ‘পুলিশি রাষ্ট্রে’ পরিণত করে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, “একটি গণতান্ত্রিক দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশ অভিযান ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে সরকার গণতন্ত্রের কফিনের শেষ পেরেকটা ঠুকে দিয়েছে।”
গত সোমবার বিকালে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের পর পণ্ড হয়ে যায়। এর কিছু সময় পরই বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
কার্যালয়ের সব কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১০টি হাতবোমা উদ্ধারের কথাও জানায় পুলিশ।
বিএনপি নেতারা বলছেন, পুলিশ ‘অবৈধভাবে’ তাদের কার্যালয়ে ঢুকে হামলা, ভাংচুর, নেতাকর্মীদের আঘাত ও মালামাল নিয়ে গেছে।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, “সরকার পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয়ে তল্লাশির নামে অভিযান চালিয়েছে। উদ্দেশ্য, দলে শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা। এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকারের কথিত গণতন্ত্রের লেবাসের শেষ চিহ্নটুকু খসে গেছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মানবাধিকার ফোরামের উদ্যোগে ‘সন্ত্রাসের কবলে গণতন্ত্র ও মৌলিক অধিকার’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি রেজাউল কবির সিকদার রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মুহাম্মদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর উদ্যোগে সংগঠনটির মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মোশাররফ বলেন, “সরকার যদি আটক নেতাদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দেয়, ১৮ ও ১৯ মার্চ দুইদিন সারাদেশে হরতাল হবে। এরপর আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে।’’
গত ১১ মার্চ নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানে অন্যান্য নেতাদের সঙ্গে জাহিদ হোসেনকেও আটক করে পুলিশ।
মানববন্ধন কর্মসূচিতে ড্যাব এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক্রে সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য আ ফ ম ইউসুফ, অধ্যাপক সদরুল আমিন, ড্যাব নেতা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, ডা. মোস্তাক রহিম স্বপন, হারুন অর রশীদ, রফিকুল কবির লাবু, আবদুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
