বিএনপি কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দায় এরশাদ, বি চৌধুরী
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে জাতীয় পার্টি ও বিকল্প ধারা বাংলাদেশ।
মঙ্গলবার পৃথক বিবৃতিতে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দল দুটির প্রধান এইচ এম এরশাদ ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বিবৃতিতে বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযান ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
চলমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের জন্য ‘অত্যন্ত ঝুকিপূর্ণ’ দাবি করে সমস্যার সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে এরশাদ বলেন, “একটি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে কীভাবে পুলিশ প্রবেশ করে গণহারে নেতাকর্মী গ্রেপ্তার করে? একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা কোনোভাবেই সমর্থন ও গ্রহণযোগ্য নয়।”
এতে বলা হয়, ‘এই হিংসার রাজনীতি ক্রমাগতভাবে ঘটেই চলছে। এভাবে চলতে থাকলে যে ভয়াব পরিস্থিতির সৃষ্টি হবে তাতে নিশ্চিতভাবে গণতন্ত্রের কবর রচিত হবে। তাই বলছি এখনো সময় আছে আলোচনার মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সমাধানের পথ খুঁজে বের করুন।’
সাবেক এই স্বৈরশাসক দাবি করেন, বর্তমান ‘সহিংস ও লক্ষ্যহীন’ রাজনীতির শিকার হয়ে দেশের জনগণ চরম হতাশা, অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মানুষ এর অবসান চায়।
দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ‘অসুস্থ্’ রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে স্বোচ্চার হওয়ারও আহ্বান জানান এরশাদ।
এদিকে এক বিবৃতিতে বিকল্প ধারার সভাপতি বি চৌধুরী বলেন, “পুলিশের এই হিংস্র আচরণ সরকারকে ডুবানোর জন্য যথেষ্ট। আমরা মনে করি, বর্তমান ও ভবিষ্যৎ গণতন্ত্রের কথা বিবেচনা করে সোমবারের ঘটনার জন্য সরকারের দুঃখ প্রকাশ করা উচিত।”
অবিলম্বে বিএনপি কার্যালয় থেকে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং পুলিশি আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাবেক এই রাষ্ট্রপতি।
বিএনপির কার্যালয়ে পুলিশি অভিযান ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বি চৌধুরী বলেন, এই অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক দেশে এরকম ‘অরাজনৈতিক’ আচরণ স্বভাবতই গণতন্ত্রবিরোধী এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
“দেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য এটাকে আমি একটি অশুভ পদক্ষেপ হিসেবে মনে করি। দেশের গণতন্ত্র যে আজ এই সরকারের হাতে মোটেও নিরাপদ নয়, এ কথাও দিবালোকের মতো স্পষ্ট।”
সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ওই সময় বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথাও জানায়।
