২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবে আটক চায় না আ. লীগ: হানিফ

কার্যালয় থেকে বিএনপি নেতাদের আটক করাকে আওয়ামী লীগ সমর্থন করে না বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দেড় শতাধিক নেতা-কর্মীকে সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে আটক করা হয়।

বিএনপি নেতৃত্বাধীন হরতালের মধ্যে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে হানিফ সাংবাদিকদের বলেন, “দলীয় নেতাদের এভাবে আটক আমরা সমর্থন করি না। বিএনপির শীর্ষ নেতাদের মুক্তির বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে বলে আমরা জেনেছি।”

“সরকার বিরোধী দল দমনের পথে হাঁটেনি; সন্ত্রাস দমন করছে মাত্র। তবে পুলিশ আরো কৌশলী হতে পারত। পুলিশ এ পর্যায়ে না গেলে আমরা খুশি হতাম,” বলেন তিনি।

হানিফ একথা বললেও তার পাশেই থাকা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বললেন ভিন্ন কথা।

“তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া দরকার।”

হানিফের বক্তব্যের পর ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ অন্যদের ছাড়েনি। তাদেরসহ ১৫৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।

বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান সমর্থন না করলেও বিএনপি সরকারে থাকতে আওয়ামী লীগ কার্যালয়ে এই ধরনের ঘটনার নজির তুলে ধরেন হানিফ।

“বিএনপি সরকারের সময় বহুবার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। গুলি করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে।”

হানিফ বলেন, “জন্মের পর থেকে বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন করেছে। বিএনপিকে গণতান্ত্রিক দল বললে গণতন্ত্রের সংজ্ঞা পাল্টাতে হবে।”

সোমবার বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে হাতবোমা বিস্ফোরণের পর মঙ্গলবার হরতাল ডাকে ১৮ দলীয় জোট।

হানিফ বলেন, “হরতাল দেয়ার জন্যই বিএনপি সুপরিকল্পিতভাবে নিজেদের সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তারপর সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়ে অবস্থান নেয়। সন্ত্রাসীদের আটক করতে গেলে বিএনপি নেতারা বাধা দেয়। পরে তাদেরও আটক করা হয়।”

বিএনপির সম্মেলন স্থগিত করার বিষয়ে তিনি বলেন, “১৯ মার্চ সম্মেলন করার মত কোনো প্রস্তুতিই তাদের ছিল না। এখন একটা অজুহাত দাঁড় করিয়ে সম্মেলন স্থগিত করেছে।”

“যাদের গণতন্ত্রের কোনো চর্চা নেই তাদের আবার সম্মেলন কীসের।”

আইন প্রতিমন্ত্রী বলেন, “গতকাল (সোমবার) পুলিশের সহনশীল ভূমিকা ছিল স্পষ্ট। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ প্রত্যক্ষ করেছে।”

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও দলীয় কার্যালয়ে ছিলেন।

হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের নেতৃত্বে মিছিল হয়। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পল্টনসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা।

এর পরপরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে ঢাকা বিভাগ শ্রমিক লীগ লাঠি মিছিল বের করে। 

এর আগে শ্রমিক লীগের নেতা-কর্মীরা সদরঘাট, গুলিস্তান, পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে লাঠি মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হয়।

ঢাকা বিভাগীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইনসুর আলী, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ মিছিলের নেতৃত্ব দেন।

এছাড়াও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতালবিরোধী মিছিল করেছে ২০ নম্বর ওর্য়াড আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিট।

হরতালবিরোধী মিছিল ও মানববন্ধন করে আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২২টি সংগঠন। মানবন্ধনের নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ।

এদিকে ছাত্রলীগ উত্তরের সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেল নেতৃত্বে রাজধানীর গুলশান, মহাখালী, বিমান বন্দর, উত্তরায় পৃথক পৃথক মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

ছাত্রলীগ উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানার নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে হরতালবিরোধী মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি কারওয়ান বাজার, বাংলামোটর, পান্থপথসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

এছাড়া গাবতলী, মিরপুর ১ নম্বর, ১২ নম্বর পল্লবী, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বকশীবাজার, সদরঘাট, ধোলাইপাড়, কমলাপুর, রামপুরসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগীরা।