দুই মামলায় আসামি ১৫৪
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ১৮ দলীয় জোটের ১৫৪ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।
উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় মামলা দুটি দায়ের করেন।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। অন্যটি পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে।
মামলায় ১৮ দলীয় জোটের ১৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার নয়া পল্টন থেকে ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীও রয়েছেন।
