২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় সুনসান

অধিকাংশ শীর্ষ নেতা আটক হওয়ায় হরতালে কড়া নিরাপত্তার মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকা অনেকটাই শান্ত।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 04:10 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার সকাল থেকে বিএনপি বা শরিক দলগুলোর কোনো নেতাকর্মীকে রাস্তায় দেখা না গেলেও বিএনপির প্রধান কার্যালয়ের বাইরে কড়া পাহারা বসিয়ে রেখেছে বাইরে পুলিশ ও র‌্যাব।

আগের রাতে তল্লাশির পর থেকেই ভেতর থেকে তালাবন্ধ করে রাখা হয়েছে বিএনপি কার্যালয়ের প্রধান ফটক। সকালে সেই ফটকের ভেতর থেকে এক ফাঁকে দেখা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ; বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনে তাদের আন্দোলন চলবে।

এই কার্যালয়ের সামনেই সোমবার বিকালে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

তল্লাশি শেষে বিএনপি কার্যালয়ের অফিস সহকারী রুস্তম রাতেই প্রধান ফটকের কলাপসিবল গেইটে ভেতর থেকে তালা বন্ধ করে দেন। রাতে বা ভোরে সেখানে অন্য কারো সাড়া পাওয়া যায়নি।    

তবে সকালে ভবনের ভেতর থেকে সেই বন্ধ গেইটের কাছে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতাদের যেভাবে টেনেহিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, তাতে দেশে গণতান্ত্র আছে বলে মনে হয় না। এ সরকার গণতন্ত্র চায় কি না তা নিয়ে আমাদের আগেও সন্দেহ ছিল। এখন তা আবারো প্রমাণিত হলো।” 

‘গণতন্ত্র রক্ষার জন্য’ বিএনপি ও ১৮ দল সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান এই বিএনপি নেতা। 

সোমবার বিএনপি কার্যালযে তল্লাশির সময় পুলিশের নেতৃত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসানকে মঙ্গলবারও নয়া পল্টন এলাকায় দেখা যায়।  

বিএনপি কর্মীরা না থাকলেও কড়া নিরাপত্তার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা আগের হরতালগুলোতে দেখেছেন এই এলাকার অলিগলি থেকে ককটেল ফাটানো হয়েছে। আজ যেন তেমন কিছু ঘটতে না পারে, সেজন্য আমরা নিরাপত্তা জোরদার করেছি।”

এদিকে সোমবার বিএনপির ঠিক কতোজন নেতাকর্মীকে আটক করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হয়ে গেলেই তাদের আদালতে পাঠানো হবে।

ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের রাখা হয়েছে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। আর অন্য নেতাকর্মীদের পল্টন থাকায় রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।