২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কাউন্সিল স্থগিত

শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা আটক হওয়ার পর জাতীয় কাউন্সিল স্থগিত করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যলয় থেকে নেতাদের আটকের পর রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “আগামী ১৯ মার্চ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। দেশের সার্বিক উদ্ভুত পরিস্থিতি, দলের নেতাদের গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে সমাবেশ পণ্ড হওয়ার পর পুলিশ তল্লাশি চালিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন সাদেক হোসেন খোকা, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর।

গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নিবন্ধন বিধিমালা অনুযায়ী, যথাসময়ে রাজনৈতিক দলগুলোর কাউন্সিলের বাধ্যবাধকতা রয়েছে।

গত কাউন্সিলে খালেদা জিয়াকে চেয়ারপারসন এবং খোন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করে বিএনপির কেন্দ্রীয় কমিটি হয়।

ওই কাউন্সিলেই জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। লন্ডনে থেকেই এই পদে নির্বাচিত হন তিনি।

২০১১ সালের মার্চে খোন্দকার দেলোয়ার মারা গেলে ওই পদে নতুন করে কাউকে আনা হয়নি। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন থেকেই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।