বিরোধী দল হরতাল চাপিয়ে দিয়েছে: ১৪ দল
বিরোধী দলের হরতাল আহ্বানের সমালোচনা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
জোটের নেতারা বলেছেন, বিরোধী দল ‘পরিকল্পিতভাবে জনগণের ওপর হরতাল নামক নির্যাতনের অস্ত্র চাপিয়ে’ দিয়েছে।
একইসঙ্গে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করতেও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সোমবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানো হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও মহীউদ্দীন খান আলমগীর, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, সভাপতিমণ্ডলীর সদস্য শিরিন আখতার, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ওয়াজেদুল ইসলাম খানও বৈঠকে যোগ দেন।
নাসিম বলেন, “বিএনপি নিজেরাই কয়েকটা পটকা ফুটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হরতাল দিয়েছে। পটকা ফাটানোর ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী জড়িত ছিল না।
“বিএনপি আজ যা করেছে, তা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্য পড়ে না। বর্তমানে বিএনপির রাজনৈতিক তৎপরতা নেই, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যস্ত।”
মেনন বলেন, “বিএনপির ডাকা হরতাল সুপরিকল্পিত। জনগণ এ হরতাল প্রতিহত করবে। হরতাল প্রতিহত করতে ১৪ দলও মাঠে থাকবে।”
বিএনপি নেতাদের আটক করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাসিম বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী যুক্তিসঙ্গত কারণেই তাদের গ্রেপ্তার করেছে। নৈরাজ্য সৃষ্টি করলে তারা যে কাউকেই গ্রেপ্তার করতে পারে।”
বর্তমান সঙ্কট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসা হবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিএনপির মূল উদ্দেশ্য একাত্তরের ঘাতকদের রক্ষা করা। তারা এ নিয়ে আলোচনা করতে চায়। ঘাতকদের মুক্তির প্রশ্নে আলোচনা হতে পারে না।”
“যখন যাকে পাওয়া যাবে তারই বিচার হবে। কোনো যুদ্ধাপরাধী বাংলার মাটিতে বিচারে বাইরে থাকবে না,” বলেন নাসিম।
“বিএনপির আলোচনার কোনো মনোভাব নেই। আলোচনার ইচ্ছা থাকলে গ্রেপ্তার কোনো বিষয় নয়,” বলেন মেনন।
দেশের যে সব স্থানে জামায়াত-শিবির সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দির পুড়িয়ে দিয়েছে, ওই সব এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।
আগামী ১৪ মার্চ বগুড়া এবং ১৬ মার্চ জয়পুরহাট পরিদর্শন করবেন কেন্দ্রীয় নেতারা।
