বেলকুচিতে আ’লীগ অফিস ভাংচুর, আসামি ৩শ’
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার সাতদিন পর রোববার রাতে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক বেলকুচি থানায় মামলাটি দায়ের করেন।
আসামির মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম আলীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা আমীর আলী আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমীর নূর নবী আক্তার, সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, পৌর আমির আব্দুল মান্নান।
বেলকুচি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ৩১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়।
গত ৩ মার্চ জামায়াতের ডাকা হরতালে পুলিশ ও বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে হরতাল সর্মথকেরা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
