জয়পুরহাটে ২৩ জন জামায়াতকর্মী গ্রেপ্তার
হরতালের সময় হিন্দু সম্প্রদায়ের মন্দির-বাড়িঘরসহ দোকানপাটে হামলার ঘটনায় জয়পুরহাটে ২৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম সাংবাদিকদের জানান, ২৩ জনের মধ্যে সদরে ৮ জন, কালাইয়ে ৯ জন এবং পাঁচবিবিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর তা প্রত্যাখান করে গত ৩ ও ৪ মার্চ ৪৮ ঘণ্টার টানা হরতাল করে জামায়াত।
হরতালের সময় পাঁচবিবি উপজেলায় জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর চালায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করে।
