শ্রীমঙ্গলে আ’লীগ নেতাকে হত্যার হুমকি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনিরকে (৭৪) হত্যার হুমকি দেয়া হয়েছে।
শনিবার বিকালে এই প্রবীণ আওয়ামী লীগ নেতা স্থানীয় সাংবাদিকদের তার শ্রীমঙ্গলের কার্যালয়ে ডেকে বিষয়টি জানান।
গত শনিবার (৩ মার্চ) রাত দেড়টার দিকে মোবাইল ফোনে ইসলামী ছাত্র শিবিরের পরিচয় দিয়ে এক ব্যক্তি এ হুমকি দেয় বলে মনির সাংবাদিকদের জানান।
পরদিন তিনি শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে তিনি বলেন, ০১৫৫৬-৮৫৭৫২১ নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে নিজেকে শিবিরকর্মী পরিচয় দিয়ে গালাগাল এবং হত্যার হুমকি দেয়।
ফোনে বলা হয়, “এই বয়সে আওয়ামী লীগ করছিস। তোর অনেক বয়স হয়েছে। এখন আওয়ামী লীগ ছাড়, নামাজ পড়, নইলে তোকে জঙ্গলে নিয়ে নব্বই টুকরো করব। আমি শিবির করি। সর্তক হও, তওবা করো।”
এম এ মনির বলেন, “৪৬ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে আমি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। কে বা কারা কোন উদ্দেশ্যে আমাকে মোবাইলে এ ধরনের প্রাণনাশের হুমকি ও গালাগাল করছে তা বুঝে উঠতে পারছি না।”
“অজ্ঞাত পরিচয় ব্যক্তির হুমকিতে নিজের জান-মাল নিয়ে উদ্বেগ, উৎকন্ঠা ও শংকায় আছি,” বলেন তিনি।
শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুল্লা বলেন, ঘটনার পরদিনই শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে। তদন্তের পর হুমকিদাতাকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
