২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা এককভাবে নির্বাচন করবে: এরশাদ

জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচন এককভাবে করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।

পলাশ রায়

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার বিকালে ঝালকাঠীর নেছারাবাদ কামেল মাদ্রাসায় ব্যক্তিগত সফরকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, “দেশ আজ আইসিইউতে ভর্তি। এখন চরম সংকট মূহূর্ত চলছে। দেশ আজ মুমূর্ষু অবস্থায়।”

আর এ সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই, বলেন এরশাদ।

দুপুর ২টায় হেলিকপ্টারযোগে এরশাদ ঝালকাঠী নেছারাবাদ মাদ্রাসায় আসেন।

সেখানে তিনি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হযরত কায়েদ ছাহেব হুজুরের (রা.) মাজার জিয়ারত করেন। পরে কমপ্লেক্সে ভবনের মসজিদে নামাজ আদায় করেন।

নামজ শেষে মুসল্লিদের উদেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক এই রাষ্ট্রপতি।

তিনি জামায়াতে ইসলামীর বাইরের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এরশাদের সফরসঙ্গী জাতীয় পার্টির মহাসচিব এবিমএম রুহুল আমীন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি এরশাদের রাজনৈতিক সফর নয়। তিনি ব্যক্তিগত সফরেই ঝালকাঠী এসেছেন।

তার সঙ্গে আরো ছিলেন দলের যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া ও কোষাধ্যক্ষ মো. খালেদ। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

ঝালকাঠীর জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী এবং মাদ্রাসার অধ্যক্ষ ও হযরত কায়েদ সাহেব হুজুরের (রা.) সাহেবজাদা আমেরুল মুসলেহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী মাদ্রাসা কমপ্লেক্সে এরশাদকে অভ্যর্থনা জানান।

বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারেই তিনি আবার ঢাকার উদ্দেশে রওয়ানা হন।