গাজীপুরে ‘সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠিত
সম্প্রতি সারাদেশে ব্যাপক সহিংসতার পরিপ্রেক্ষিতে গাজীপুরে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় ৮৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে জেলা প্রশাসক মো. নূরুল ইসলামকে সভাপতি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমাকে সদস্য সচিব করা হয়।
জেলা পরিষদের প্রশাসককে করা হয়েছে কমিটির উপদেষ্টা।
এছাড়া কমিটিতে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী’র ফাঁসির রায়ের পর সারাদেশে ব্যাপক সহিংসতা চালায় দলটির নেতাকর্মীরা।
এ সময় দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা, সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে আগুন, শহীদ মিনার ভাংচুর ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। সড়কের পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবদ্ধকতা সৃষ্টি, রেললাইন উপড়ে ফেলা ও ট্রেনে আগুন দেয়ার মত ঘটনাও ঘটে।
সহিংসতায় পুলিশ, আওয়ামী লীগকর্মী, সাধারণ মানুষসহ অর্ধশতাধিক নিহত হন।
এর প্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ঠিক একাত্তরের মতো।একাত্তর সালে এইভাবে ঘটনা ঘটিয়েছিল।আজ জামায়াতের সঙ্গে বিএনপি মিলে এই ঘটনা ঘটাচ্ছে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “আলেম-ওলামা, সংসদ সদস্য এবং সব জনগণকে আমি আহ্বান জানাই- যারা মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের প্রতি আমার আহ্বান- আপনারা প্রত্যেক উপজেলায়, জেলায়, ইউনিয়ন, ওয়ার্ড প্রতিটি জায়গায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গড়ে তুলুন।”
কমিটি গঠন উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সভা কক্ষে এক আলোচনা সভা হয়।
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেয়াওন মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলার পুলিশ সুপার মো. আবদুল বাতেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, আতাউল্লাহ মন্ডল, ওয়াজ উদ্দিন প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাক বলেন, এই কমিটি গাজীপুর জেলায় যেকোনো সহিংসতা ও নাশকতা রোধ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মিত পরিস্থিতি পর্যালোচনা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করবে।
