২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনা শর্ত ছাড়াই হোক’

কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আগামী নির্বাচন নিয়ে বড় দুই দলের আলোচনায় বসা উচিত বলে মত জানিয়েছেন নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 10:14 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সংলাপ বিষয়ে বড় দুই দলের পক্ষ থেকে বক্তব্য আসার পর শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি এই মত প্রকাশ করেন।

সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।

সরকার তা নাকচ করে এলেও গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যে কোনো বিষয়ে যে কোনো স্থানে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে।

এর প্রতিক্রিয়া শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রীকে নির্দলীয় সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে আলোচনার প্রস্তাব দিতে হবে। তাহলে বিরোধী দল সেই প্রস্তাব বিবেচনা করবে।”

উভয় দলের নেতাদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের প্রধান নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী নির্বাচন কীভাবে হবে, এটা নিয়ে দেশে একটি অনিশ্চয়তা কাজ করছে।

Image
দুই নেত্রীকে এক টেবিলে চান নাজমুল হুদা

দুই নেত্রীকে এক টেবিলে চান নাজমুল হুদা

“উভয় দলের এই আনুষ্ঠানিক বক্তব্য প্রমাণ করে সংলাপে বসার মানসিকতা উভয় দলেরই আছে। তাহলে সমস্যা কোথায়?”

“বসলেই তো হয়। নির্বাচন যেহেতু করতে হবে, তাই পূর্বশর্ত দিয়ে আলোচনাকে স্থগিত করে রাখা ঠিক হবে না। এখন বসাটাই বড় প্রয়োজন।”

“আমার মনে হয়, পূর্ব শর্ত না থাকলে বসায় কারো কোনো নারাজি নেই। কাজেই বসলেই হয়।”

এক সময়ের বিএনপি নেতা নাজমুল হুদা এবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

দুই প্রধান প্যানেলের বাইরে থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী এই রাজনীতিক জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নিয়ে দুই নেত্রীকে এক টেবিলে বসাবেন বলে প্রচার চালাচ্ছেন।

নাজমুল হুদা বলেন, “যে কোনো ইস্যুতে সব দলের আলাদা অবস্থান থাকতে পারে। তবে সেটা নিয়ে কীভাবে অগ্রসর হবেন, সেটা আলোচনায় বসেই সব ঠিক করুন। পূর্বশর্ত দিয়ে আলোচনাকে দূরে ঠেলে দেয়ার কোনো কারণ নেই।”

অনিশ্চয়তার অবসান ঘটিয়ে জনমসে স্বস্তি ফেরাতে দুই প্রধান রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।