জলিলের লাশ দেশে পৌঁছেছে
আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল জলিলের মরদেহে দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরে দলীয় নেতারা মরদেহ গ্রহণ করেন বলে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল জানিয়েছেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় মার্কেন্টাইল ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে জলিলের কফিন। সেখান থেকে মরদেহ নেয়া হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।
দলীয় নেতাদের শ্রদ্ধা জানানোর পর সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য জলিলের জানাজা হবে।
আব্দুল জলিল ১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
তিনি ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর একটি চিঠিতে দল ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন এই আওয়ামী লীগ নেতা।
মুক্তি পাওয়ার পর তাকে আর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়নি।
