জামায়াত প্রতিরোধে জাতীয় সংলাপ চান সুরঞ্জিত
জামায়াত-শিবিরকে মোকাবেলায় জাতীয় সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধও করেছেন তিনি।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সুরঞ্জিত বলেন, “জামায়াত-শিবিরকে নিয়ন্ত্রণের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হবে না। ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিকামী এবং স্বাধীনতার পক্ষের সকল মানুষকে নিয়ে একটি ফোরাম গঠনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে জাতীয় সংলাপ করতে হবে।”
জামায়াতের সাম্প্রতিক তাণ্ডব তুলে ধরে তিনি বলেন, “দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমরাও সেই যুদ্ধে অংশ নিতে চাই। এক মিনিট অপেক্ষার সময় নাই। এদেশে হয় স্বাধীনতা থাকবে, নয় তো সন্ত্রাস থাকবে।”
হত্যাকাণ্ড সংঘটনের পর জামায়াতের রাজনীতি করার কোনো সাংবিধানিক অধিকার নেই দাবি করে সুরঞ্জিত বলেন, “তাদের রাজনীতি নিষিদ্ধে কোনো অর্ডারের প্রয়োজন নেই। সংবিধান, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাস দমন আইনে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।”
খালেদা জিয়ার সিঙ্গাপুর সফর এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তার দেখা না করারও সমালোচনা করেন সুরঞ্জিত।
তিনি বলেন, “হরতাল দিচ্ছে জামায়াত আর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনার (খালেদা)! আপনার তো সব প্রটোকলই আছে।”
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা জিয়া ও এরশাদের সংশোধনীকে মেনে নিয়েছি। এর মধ্য দিয়ে ধর্মভিত্তিক রাজনীতিকে নতুন স্পেস দেয়া হয়েছে। আসুন সংবিধানের মূল ধারায় ফিরে যাই। দেশকে মূল ধারায় পরিচালিত করি।”
জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান মহাজোটের এই নেতা।
জাতীয় পতাকা ছেড়া, শহীদ মিনার ভাংচুর, সংখ্যালঘুদের ওপর হামলা করে জামায়াত-শিবির বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে বলেও মন্তব্য করেন মেনন।
তিনি বলেন, “একাত্তরের পুনরাবৃত্তি করে তারা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, উপসানালয়ে হামলা চালিয়েছে।”
‘চাঁদে’ সাঈদীকে দেখা যাওয়ার গুজব নিয়ে রসিকতা করে মেনন বলেন, “চাঁদে যদি সাঈদীকে দেখাই যায় তাহলে তিনিই প্রথম বাংলাদেশি যিনি চাঁদে গেলেন। কিন্তু চাঁদের বুড়ি ভয় পাবে, যদি ধর্ষক সাঈদী সেখানে উপস্থিত হয়।”
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেন, “খালেদা জিয়া তাদের সমর্থন দিয়েছেন। সুতরাং সুস্থ বুদ্ধির বিএনপিদের এখন চিন্তা করতে হবে যে তারা জামায়াতের সঙ্গে নিশ্চিহ্ন হবেন, না মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হবেন।”
“আমি এই সংসদে দাঁড়িয়ে বলতে চাই এদের জন্য এদেশে কোনো জায়গা নেই। আইনের বিধান মতেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে,” বলেন তিনি।
জামায়াতের সঙ্গ ছাড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া বলেন, “কালো সাপ পুষছেন, ছোবল নিয়ে আপনাদের হত্যা করবে। সাবধান হয়ে যান।”
