শাহবাগ: সুর পাল্টালেন খোকা
আন্দোলন শুরুর কয়েকদিনের মধ্যে শাহবাগের তরুণদের সম্মান জানালেও এবার তাদের প্রতিরোধের ডাক দিয়েছেন বিএনপির মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি এক সমাবেশে বিএনপির এই মহানগর আহ্বায়ক বলেছিলেন, শাহবাগে তরুণদের আহ্বানে সমাবেশ চলছে। সেখানে তারা বিভিন্ন দাবি তুলেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে আমরা তাদের আবেগের প্রতি সম্মান করি।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্র-জনতা, যেখান থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিও উঠেছে।
শনিবার বিকালের ওই সমাবেশে তরুণদের উদ্দেশ্যে খোকা বলেন, “জনগণের মনের কথা বুঝতে চেষ্টা করুন। সরকারের পৃষ্ঠপোষকতা পরিহার করুন। নইলে পাড়ায়-মহল্লায় আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এমন আন্দোলন সৃষ্টি করা হবে আপনারা পালিয়ে পার পাবেন না।”
সারাদেশে সহিংসতার প্রতিবাদে সারাদেশে এদিন বিক্ষোভ মিছিল করে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ- দেয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে গণজাগরণের মধ্যে আদালতের এই রায় আসে।
রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে জামায়াত শিবির কর্মীরা। সংঘর্ষে বহু হতাহত হয়।
সাদেক হোসেন খোকা বলেন, “বর্তমান সরকার সারাদেশে গত কয়েকদিন গণহত্যা চালিয়েছে। তারা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায় তারা নিয়ে গেছে, এখন মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্ম বিশ্বাসকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছে।”
শাহবাগের তরুণরা ক্ষমতাসীন দলের পক্ষ নিয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, “সরকার পৃষ্ঠপোষকতায় সেখানে পুলিশ পাহারায় আন্দোলন চলছে। সরকারের দেয়া হালুয়া রুটি ওই তরুণরা খাচ্ছেন।”
এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ অভিহিত করে শনিবার প্রতিবাদ মিছিল ও মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে।
