২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুলিশ-মতিনবাহিনী বন্দুকযুদ্ধ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর সদরে বুধবার পুলিশের সঙ্গে মতিনবাহিনীর বন্দুকযুদ্ধে পুলিশসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে পুলিশ প্রায় একশ’ রাউন্ড গুলি চালিয়েছে। এরপর মতিনবাহিনীর আব্দুল মতিন এবং তার সহযোগী সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি মো. আলতাফ হোসেন বলেন, দুপুরে সন্ত্রাসী গ্রেপ্তারের জন্য পুলিশ দত্তপাড়ায় অভিযান চালালে মতিন বাহিনীর সঙ্গে গোলাগুলি শুরু হয়।

“সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কন্সটেবল সোলায়মান (নং-৪৭৫) গুলিবিদ্ধ হন,” বলেন তিনি।

আহত এই কন্সটেবলকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মতিন বাহিনীর গুলিবিদ্ধ দুইজন অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। 

ওসি আরো বলেন, এ অঞ্চলের দুর্ষর্ধ মতিন বাহিনীর প্রধান আব্দুল মতিন ও তার সহযোগী সুমনকে দোনলা বন্দুসহ গ্রেপ্তার করা হয়েছে।

মতিনের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও আলতাফ হোসেন জানান। 

দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূরনবী বলেন, পুলিশের অবস্থান টের পেয়ে মতিন বাহিনীর সন্ত্রাসীরা অসংখ্য গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে প্রায় একশ’ রাউন্ড গুলি ছোড়ে।