২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের ব্যর্থতা ঢাকার কৌশল শাহবাগ’

সরকার চার বছরের ব্যর্থতা ঢাকতে শাহবাগে গণজাগরণ মঞ্চ বসিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 08:31 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

বুধবার টঙ্গিতে গাজীপুর জেলার এক বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার তার চার বছরের ব্যর্থতা ও অপকর্ম ঢেকে ফেলতে নতুন নতুন কৌশল নিয়েছে। শাহবাগে গণজাগরণ মঞ্চ বসিয়ে তারা (সরকার) জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।

তবে আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান ফখরুল।

“যুদ্ধাপরাধীর বিচার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। কোনো অস্পষ্টতা নেই। আমরা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ আন্তর্জাতিক মান বজার রেখে তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

“আজ জাতিসংঘ বলেছে এই বিচার ওইভাবে হচ্ছে না। যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিশেষজ্ঞও বলেছেন একই কথা। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের গোপন কথোপকোথন স্কাইপেতে প্রকাশ হয়ে গেছে”, যোগ করেন তিনি।

দলের আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে বুধবার সকালে টঙ্গি বোর্ডবাজারে স্থানীয় কমিউনিটি সেন্টারে গাজীপুর জেলা বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ১৫১ সদস্যের জেলা কমিটি, ১০ সদস্যের উপদেষ্টামণ্ডলী ছাড়াও উপজেলা-পৌরসভা ও অঙ্গসংগঠনের ৩৮০ জন প্রতিনিধি অংশ নেন।

আগামী মার্চে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। দলীয় কাউন্সিল উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন সারাদেশে জেলা ও মহানগরে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে।

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে সরকার রাজনীতি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় পছন্দ হয়নি বলে শাহবাগে তারা (তরুণ প্রজন্ম) বসেছে। সরকারের সঙ্গে তাদের দহরম এমন পর্যায় গেছে, তা এখন প্রেমপ্রীতিতে চলে গেছে।”

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন প্রনয়ন করেছে তারা। প্রসিকিউশন টিম নিয়োগ দিয়েছে সরকারই। বিচারের রায় দিয়েছে তাদের নিয়োজিত বিচারকরা। এখন আমাদের প্রশ্ন, শাহবাগের নতুন প্রজন্ম কার বিরুদ্ধে অভিযোগ আনছে।”

ভারতের টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “পত্রিকাটি বলেছে, ভারতের সমথনে শাহবাগের আন্দোলন চলছে। আমাদের প্রশ্ন- বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নিয়ে আন্দোলন ও রাজনীতি করবে। এখানে প্রতিবেশী দেশ কি কারণে সাহায্য সহযোগিতা করবে- আমাদের তা আজ বুঝতে হবে।”

ইসলাম ও মহানবীর (সা.) বিরুদ্ধে কথিপয় ব্লগারদের কটুক্তির কঠোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, “এদেশের সংখ্যাগরিষ্ট ধর্মপ্রাণ মসুলমান যখন এর প্রতিবাদ করতে রাস্তায় নামছে, তখন সরকারের পুলিশ বাহিনী গুলি করে মসুল্লিদের হত্যা করছে। এ পর্যন্ত ৩০ জন মসুল্লিকে হত্যা করা হয়েছে। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে সংঘাত ও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।”

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া ব্লগারদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “চার বছরে জনগনের কাছে দেয়া কোনো প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। তারা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার বুঝে গেছে, আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের হলে তাদের ভরাডুবি হবে। সেজন্য নির্দলীয় সরকারের বিধান বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনে পায়তারা করছে।”

সেজন্য নির্দলীয় সরকারের দাবিতে গ্রাম-উপজেলায় জনমত গড়ে তুলতে সাংগঠনিক কর্মসূচি দেয়ার জন্য জেলা নেতাদের প্রতি নির্দেশও দেন ফখরুল।

জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে দলের নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।