২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের বক্তব্যে ‘অনিশ্চয়তা’ দেখছেন ফখরুল

সরকার ‘পরিকল্পিতভাবে’ দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 09:37 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শাহবাগ ও গতকাল মিরপুরে যেসব বক্তব্য শুনেছি, তাতে মনে হচ্ছে, জাতিকে এক অনিশ্চিত অন্ধকার গহবরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সরকার তার দুর্নীতি, লুটপাট, পদ্মাসেতু নির্মাণ না করতে পারা, পূঁজিবাজার ধ্বংস করা ইত্যাদি নানা ব্যর্থতা ঢাকতে জেনেশুনেই পানি ঘোলা করে মাছ ধরার অপচেষ্টা করছে।”

শাহবাগের গণজাগরণ মঞ্চের তরুণদের প্রতি ফখরুলের আহ্বান, “তোমাদের হিংসার গান গেয়ে নয়, ভালোবাসার গান গেয়ে জাতিকে গড়ে তুলতে হবে। গণতন্ত্রের শতফুল ফুটতে দিতে হবে।”

“শুধু ফাঁসি চাই, জবাই করতে হবে- এ কথা বলে দেশকে সামনে দিকে এগিয়ে নেয়া যাবে না। এটা তোমাদের উপলব্ধি করতে হবে”, যোগ করেন তিনি।

জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ গণআন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।

সোমবার শাহবাগের প্রজন্ম চত্বরের বাইরে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় সমাবেশ হয় মিরপুরে। প্রথম সমাবেশটি হয়েছিল রায়েরবাজার বধ্যভূমিতে। বুধবার আরেকটি সমাবেশ হবে রাজধানীর বাণিজ্যকেন্দ্র মতিঝিলে।

সত্য কথা লেখার জন্য আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর আক্রমন হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, “তার বড় অপরাধ তিনি তার পত্রিকায় স্কাইপে যুদ্ধাপরাধীর বিচারকের গোপন কথোপকোথন এবং ব্লগে হযরত মুহাম্মদ (সা.) বিরুদ্ধে করা কটুক্তি প্রকাশ করেছিলেন।”

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

গত কয়েকদিন দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “গত কয়েকদিনে ২১ জন ধর্মপ্রাণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ ছিল, তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ জানিয়েছেন।”

ধর্ম বিশ্বাসের ওপর আঘাত হানা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন ও তাদের ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করবে- বিএনপিসহ ১৮ দলীয় জোট এই নীতিতে বিশ্বাসী। তার অর্থ এই নয় যে, দেশের ৯০ ভাগ মুসলমানের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করে কটুক্তি করা হবে।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ১৮ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মরহুম মুফতি ফজলুল হক আমিনীর স্মরণে জীবন-কর্মের ওপর এই আলোচনা সভা হয়।

আমিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফখরুল বলেন, “তিনি ছিলেন একজন বড় মাপের ইসলামিক দার্শনিক। গণতন্ত্র ও ইসলামের পক্ষে তিনি (আমিনী) যাতে সার্বজীননভাবে কথা বলতে না সেজন্য শেষ ২১ মাস সরকার তাকে গৃহবন্দি করে রেখেছিল। তাদের (সরকার) এহেন কর্মকান্ডের ধিক্কার জানাই আমরা।”

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মবিন, ন্যাপ এর চেয়ারম্যান ব্যারিস্টার জেবেল রহমান গানি, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়েজুল্লাহ, সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ অ্যাডভোকেট, মুফতি আমিনীর ছেলে দলের সহসভাপতি মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ বক্তব্য রাখেন।