২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের বিএনপির শ্রদ্ধা

পিলখানা বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত সেনা কর্মকর্তার কবরে ফুল দেন ও ফাতেহা পাঠ করেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতও করেন তারা।

দলে ছিলেন, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত মেজর কর্ণেল মো. শাহজাহান মিলন, অবসরপ্রাপ্ত মেজর মো. হানিফ, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাবেক সেনা কর্মকর্তারা।

পিলখানায় বিদ্রোহ আর হত্যাযজ্ঞের চার বছর পূর্ণ হয়েছে সোমবার। ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।

শ্রদ্ধা নিবেদনের পর মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বিরোধী দলীয় নেতা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিনটিকে জাতির জন্য একটি কালো দিন উল্লেখ করে সাবেক সেনা প্রধান বলেন, আজো বিডিআর হত্যাকান্ডের জড়িতরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। হত্যাকাণ্ডের গডফাদারদের এখনো ধরা হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের সঙ্গে সরকার আপোষ করেছে।”

বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে দুই ধরনের মামলা হয়েছে। পিলখানাসহ দেশের বিভিন্নস্থানে করা ৫৭টি বিদ্রোহের মামলার বিচার এতামধ্যে শেষ হয়েছে। হত্যাকাণ্ড এবং বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ চলছে।