২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদ্রাসা থেকে ৭ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেল, জিহাদি বই ও বিভিন্ন সরঞ্জামসহ সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 01:03 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

পুলিশের দাবি, রোববার সমমনা ১২ ইসলামী দলের হরতালে হরতালে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় তাদের ধরা হয়েছে।

রোববার ভোর রাতে রাঙ্গুনিয়া উপজেলার আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- আজিজুল হাকিম (১৮), শওকত আকবর (১৯), তৈয়ব উল্লাহ (১৮), মো. ইউনুস (১৮), আবু বক্কর সিদ্দিক (১৮), আনোয়ারুল ইসলাম (১৮) ও মো. মামুন (১৯)। এরা সকলেই আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের ছাত্র ও শিবিরকর্মী।

তাদের কাছ থেকে ১০টি ককটেল, একটি পুলিশের পোশাক, বিভিন্ন ব্যানার, আড়াইশ মার্বেল, ১০টি লোহার রড ও লাঠিসহ বিপুল পরিমাণ জিহাদি বইপত্র এবং তাদের কর্মকাণ্ডের তালিকাসহ বেশ কয়েকটি ডায়রি উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে শিবিরকর্মীদের বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা রোববারের হরতালে রাঙ্গুনিয়ায় নাশকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিল বলে আমাদের কাছে সংবাদ ছিল।

এ ঘটানায় রাঙ্গুনিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম নগরীতে হরতাল আহ্বানকারী সমমনা ইসলামী ১২ দলের কোনো তৎপরতা না থাকলেও বন্দরনগরীতে মিছিলের চেষ্টা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। তবে পুলিশের ধাওয়ায় মিছিল করতে পারেনি তারা।