যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের পদত্যাগ দাবি
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারের ঘোষিত রায় জনগণ প্রত্যাখান করার সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো মূল্যে যুদ্ধাপরাধী বিচার করবেন। সরকার ট্রাইব্যুনাল গঠন করেছে। তারাই নিয়োগ দিয়েছে প্রসিকিউশন টিম। ওই টিমই যুদ্ধাপরাধের তদন্ত করেছে। এখন ওই ট্রাইবু্যৃনাল যে রায় দিয়েছে, তা জনগন প্রত্যাখান করেছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। সরকারের অপশাসন ও নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে এই সমাবেশে রাজধানীর সবগুলো ওয়ার্ড থেকে দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও ফকিরেরপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গল রেস্তোরাঁ পর্যন্ত নয়া পল্টনে সড়ক হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, “সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিকে লুটপাট করেছে। বিশ্বজিৎ হত্যার তারা আজো বিচার করতে পারেনি। চার বছরে অগ্নিকান্ডে গামেন্টর্স শ্রমিকরা অনেকে মৃত্যবরণ করেছে, তারও কোনো সুরাহা হয়নি।কেবল তাই নয়, সরকার দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে।”
যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে দলের অবস্থান আবারো তুলে ধরে বিএনপির মুখপাত্র বলেন, “যুদ্ধাপরাধীর বিচার আমরা সব সময় চেয়ে আসছি। আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গেলে সব যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী বিচার হবেই হবেই।”
চলমান রাজনৈতিক সংকটের জন্য সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, “তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে তারা দেশে রাজনৈতিক সংকট তৈরি করেছে।”
“আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, আজকের এই সংকট থেকে মুক্তি পেতে হলে একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশে দূর্বার আন্দোলন গড়ে তোলা। ওই আন্দোলনেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।”
সরকার যুদ্ধাপরাধীর বিচারের নামে রাজনীতি করছে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তারা নিজেরা ট্রাইব্যুনাল গঠন করে এখন রায় মানছে না। দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে দলের এই সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বিএনপি রাস্তায় আছে। আগামীতে এমন গণঅভ্যুত্থান সৃষ্টি করা হবে, যখন সরকার পালানো পথ পাবে না।”
শাহবাগের তরুন প্রজন্মের গণআন্দোলন সম্পর্কে মওদুদ আহমদ বলেন, “প্রথম দিকে না বোঝা গেলেও এখন প্রতীয়মান হচ্ছে, এই আন্দোলন আওয়ামী লীগের স্কোয়ারে পরিণত হয়েছে। এজন্য আমরা উদ্বিগ্ন। এদিকে সরকার বলছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা। অন্যদিকে প্রধানমন্ত্রী বিচারের রায়ের প্রতি প্রকাশ্যে অনাস্থা জ্ঞাপন করছেন।”
মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বির্তক সৃষ্টির জন্য সরকারই দায়ী। সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীর বিচার চাইলে শেখ হাসিনাকে বায়তুল মোকাররম মসজিদের সামনে এসে বলতে হবে, তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৭২ সালে যুদ্ধাপরাধীর বিচার না করে ভুল করেছেন।”
তিনি অভিযোগ করেন, “দলীয় সরকারের অধীনে যেনো তেনো একটি নির্বাচনে জামায়াতকে নিতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।”
খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যানের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
অঙ্গসংগঠনের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযুদ্ধ গণ পরিষদের মহাসচিব সাদেক আহমেদ খান, ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ওসমান ফারুক, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, রুহুল আলম চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মাহবুব উদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, মজিবুর রহমান সারওয়ার, মশিউর রহমান,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুল ইসলাম হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
