২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজাকার মন্ত্রী-নেতাদেরও বিচার করুন’

যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি সরকারে থাকা ‘রাজাকার’ মন্ত্রী-নেতাদেরও বিচার চেয়েছেন বিএনপি নেতা এমকে আনোয়ার।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার সকালে এক অবস্থান কর্মসূচিতে যুদ্ধাপরাধীর বিচারের দাবি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, “আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। তবে সেই বিচার হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের। সরকারি দলের যেসব রাজাকার মন্ত্রী-নেতারা রয়েছেন, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা সহযোগিতা করব।”

“শুধু মাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করা হলে তা নিরপেক্ষ হবে না।”

গণঅভ্যুত্থান সৃষ্টির আগেই নির্দলীয় সরকারে দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান সাবেক এই মন্ত্রী।

“অপকর্ম, অপশাসন ও দুর্নীতিতে সরকার আজ গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যে অবস্থা সৃষ্টি করেছে, পায়ের নিচে তাদের মাটি নেই। সরকারকে বলব, এখনো সময় আছে, দেয়ালের লিখন পড়ুন। মানুষ কী চায়, তা বুঝতে চেষ্টা করুন। গণঅভ্যুত্থান সৃষ্টির আগেই নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন”।

সরকারের দুর্নীতির কথা তুলে ধরে এম কে আনোয়ার বলেন, “তারা (সরকার) আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের রক্ষা করতে তারা পদ্মা সেতু প্রকল্প বিসর্জন দিয়েছে। দেশে এখন পাকিস্তানের চেয়েও বেশি দুর্নীতি ও বিশৃঙ্খলা হচ্ছে।”

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে নিখোঁজ সাংগঠিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।

গত বছরের ১৭ এপ্রিল বনানির বাসার কাছ থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান নেই।

নিখোঁজ ইলিয়াস আলী সম্পর্কে তিনি বলেন, “১০ মাস অতিক্রান্ত হলেও সরকার তার কোনো সন্ধান দিতে পারেনি। ১৯৭২-৭৫ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা ও গুম করেছিল। এবার তারা চার বছরে ২৩ হাজার বিরোধী দলীয় নেতা-কর্মীকে হত্যা করেছে।”

“বিচার বিভাগকে তারা (সরকার) ধ্বংস করে দিয়েছে। আদালতে বিরোধী নেতা-কর্মীরা কোনো ন্যায় বিচার পায় না।”

ক্ষমতাসীন ছাত্রলীগ সরকারের সর্বোচ্চ পদে ব্যক্তিদের উৎসাহে দুর্নীতি ও সন্ত্রাস করছে বলেও অভিযোগ করেন এম কে আনোয়ার।

সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমীন, নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরামের উদ্যোগে জাতীয় সংকট নিরসন : নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “দেশকে সরকার নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সংকট নিরসনে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। তা না হলে আন্দোলনে এর ফয়সালা হবে।”

সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।