২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কমুক্ত গাড়ি নেননি হাসিনা-খালেদা

সংসদ সদস্য হিসেবে শুল্কছাড় নিয়ে গাড়ি কেনেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

জাতীয় সংসদে সোমবারের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য পাওয়া গেছে।

শেখ হাসিনা ও খালেদা জিয়ার পাশাপাশি বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ৩৫ জন শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেননি। এর মধ্যে মন্ত্রিসভার সদস্য রয়েছেন ১৫ জন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, মন্ত্রিসভার ৩৮ সদস্যসহ ৩১৫ সংসদ সদস্য শুল্কমুক্ত কোটায় গাড়ি এনেছেন।

নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “নবম সংসদের মোট ৩১৫ সংসদ সদস্য শুল্কমুক্ত কোটায় ৩১৫টি মোটর গাড়ি আমদানি করেছেন।”

৩১৫টি গাড়িতে রাষ্ট্র প্রায় ১ হাজার ১২৩ কোটি টাকা শুল্ক পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।

সংসদে সদস্য আইনের আওতায় শুল্ক ছাড় নিয়ে গাড়ি আনতে পারেন। তবে তাদের এই সুবিধা দেয়ার সমালোচনাও রয়েছে।

মন্ত্রীদের মধ্যে যারা শুল্কমুক্ত কোটায় গাড়ি আনেননি, তারা হলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ফারুক খান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহজাহান মিয়াও এই শুল্কমুক্ত সুবিধা নেননি।

Image
সাবেক ২১ সাংসদের ফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

সাবেক ২১ সাংসদের ফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে যারা শুল্কমুক্ত সুবিধা নেননি, তারা হলেন- সৈয়দ আবুল হোসেন, জাকির হোসেন, ইসহাক হোসেন তালুকদার, এস কে আবু বাকের, নারায়ণ চন্দ্র চন্দ, শওকত মোমেন শাহজাহান, আব্দুস সালাম, রেবেকা মমিন, নাজমুল হাসান পাপন, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মহসিন আলী, এম এ লতিফ।

বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ ও বরকতউল্লাহ বুলু শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেননি।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোবেদা খাতুন, নুর ই হাসনা লিলি চৌধুরী, হাসিনা মান্নান ও পিনু খান এই সুবিধা নেননি।

পদত্যাগী সংসদ সদস্য তানজিম আহমেদও(সোহেল তাজ) শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আনেননি।