২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হরতালে সাড়া নেই

হরতাল ডাকলেও জামায়াতে ইসলামীর তেমন তৎপরতা ছিল না চট্টগ্রাম ও কক্সবাজারে, জনজীবনও অনেকটাই ছিল স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 05:36 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

আন্দরকিল্লায় সমাবেশের অনুমতি না দেয়ায় শনিবার চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে হরতালের ডাক দেয়া হয়।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশ করতে চেয়েছিল তারা।

সকাল থেকে বন্দর নগরী ঘুরে দেখা যায়, দূর পাল্লার বাস ও ট্রাক ছাড়া অন্য সব গাড়িই চলেছে।

তৈরি পোশাক কারখানাগুলোতেও কাজ হয়, কর্মমুখর ছিল বেসরকারি অফিসগুলোও।

চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ চলে। তবে দূরপাল্লার ট্রাক না চলায় পণ্য বিকাল পর্যন্ত বন্দরের বাইরে যায়নি।

Image
জামায়াতের ডাকা হরতালে শনিবার সকালে চট্টগ্রামের চিত্র।

জামায়াতের ডাকা হরতালে শনিবার সকালে চট্টগ্রামের চিত্র।

নগরীর লালদীঘির পাড়ে শিবিরকর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। তবে পুলিশ দেখে দ্রুতই মিছিলকারীরা সটকে পড়ে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ সকাল ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোথাও কোনো ‘অপ্রীতিকর’ অবস্থা সৃষ্টি হয়নি।

তবে গুটিকয়েক স্থানে পিকেটাররা মিছিল করেছে বলে জানান তিনি। তবে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

কক্সবাজারেও কোনো পিকেটিং ছিল না। শুক্রবার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৭ কর্মীকে আটক করে।

শনিবার বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ দেখা গেলেও দেখা যায়নি জামায়াত-শিবিরের কর্মীদের।

কক্সবাজার শহর থেকে বিভিন্ন উপজেলায় বাস, মিনিবাস, মাইক্রোবাস যাত্রী নিয়ে চলাচল করেছে। শহরের অভ্যন্তরে ট্রাক, মিনিবাস, অটোরিকশা, ইজি বাইক, রিকশা চলাচল ছিল স্বাভাবিক।

সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাও হয়েছে।