কাউন্সিলে খালেদাকে আমন্ত্রণ কাদের সিদ্দিকীর
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে দলের কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে কাউন্সিলের আমন্ত্রণপত্র দিয়ে আসেন।
আগামী ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক-শ্রমিক-জনতা লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল হবে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে কাদের সিদ্দিকীর সঙ্গে যান তার স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে ছিলেন।
কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “কাউন্সিলের আমন্ত্রণ জানাতে বিরোধীদলীয় নেতার কাছে এসেছিলাম।”
১৮ দলীয় জোটে যোগ দেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “এখনো বলার সময় আসেনি।”
এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী মহাজোট সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার প্রকৃত সরকার নয়। তাদের হাতে মানুষের জীবনের মৃত্যুর কোনো গ্যারিন্টি নেই।”
