শাহবাগে আন্দোলন সমঝোতার ভিত্তিতে: ছাত্রদল
মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলন ‘সমঝোতার’ ভিত্তিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনের সভাপতি বলেন, “এটি একটি বিচারাধীন বিষয়। আমরা এখনই কিছু বলছি না, আরও পর্যবেক্ষণ করব।”
“তবে মানুষের মুখে কথা প্রচার হচ্ছে, শাহবাগে সমঝোতার ভিত্তিতে আন্দোলন হচ্ছে”, বলেন জুয়েল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
রায় প্রত্যাখ্যান করে ওই দিন রাতেই কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যক্টিভিস্ট ফোরাম নামের একটি সংগঠন। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ। তখন থেকে সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে হাজারো ছাত্র-জনতা।
এই আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংহতি জানানো হলেও ছাত্রদলকে দেখা যায়নি।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির অবস্থানও নিয়ে প্রশ্ন তুলে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাম দলগুলোর নেতারা।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতে ইসলামীর ডাকা হরতালে সমর্থন দেয় বিএনপি। অবশ্য পরে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ট্রাইব্যুনাল বাতিলে জামায়াতে ইসলামীর দাবির সঙ্গে তারা একমত নয়।
তবে এ বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে তারা।
ডাকসু নির্বাচন দাবিতে কর্মসূচি
সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনসহ আট দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সকালে এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এসব দাবি তুলে ধরেন।
এ দাবির সমর্থনে আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ছাত্রদলের অন্য দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ছাত্রহলে ছাত্রদের ‘সহাবস্থান’ নিশ্চিত করা, ছাত্রদল- শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অবিলম্বে পরিবেশ পরিষদ কার্যকর, ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিরাগতদের বিতাড়ন, বর্ধিত বেতন ও ভর্তি ফি প্রত্যাহার, ক্যান্টিন ও ডাইনিংয়ে খাবারের মান উন্নত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে ছাত্রলীগ ও পুলিশের পাহারা প্রত্যাহার।
১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে ছাত্রদলের আমান-খোকন-আলম (আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম) পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়।
এরপর ২০ বছরে আর কোনো নির্বাচনের উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল বলেন, “গত ৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী-সমর্থকদের লেখাপড়ায় পদে পদে বাঁধা দেয়া হচ্ছে। পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে মোড়ে মোড়ে অস্ত্র হাতে পাহারা বসিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।”
এই অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ছাত্রদল কর্মী রফিকুল ইসলাম রয়েলকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানান জুয়েল।
তিনি বলেন, শিগগিরই ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
অন্যদের মধ্যে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ, সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল হাসান হীরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি সাদিউল কবির নীরব, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া, উত্তর সভাপতি আবুল মনসুর খান দিপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
