২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের মোকাবেলা আইনগতভাবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক সন্ত্রাসবাদে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ এনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার বিষয়টি ‘আইনগতভাবে’ দেখবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তিনি।

ইনু বলেছেন, জামায়াত ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক সশস্ত্র কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এজন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।

যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য যেভাবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্যও একইভাবে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

জামায়াতকে রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ইনু বলেন, “জামায়াতে ইসলামী বরাবরই একটি সশস্ত্র সন্ত্রাসী শক্তি এবং বর্তমানে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়ে একটি পরিপূর্ণ সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। জামায়াত কেবল দেশের জন্যই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্যও বিপদ ও ঝুঁকি সৃষ্টি করছে।”

মন্ত্রী জানান, জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডে মামলা রুজু শুরু হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

সেক্ষেত্রে জামায়াতের রাজনীতি কেন নিষিদ্ধ করা হচ্ছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, “তারা একটি নিবন্ধিত রাজনৈতিক দল, তবে জঙ্গিবাদি শক্তিকে ছাড় দেয়া হবে না। এসব বিষয় সরকার আইনগতভাবে দেখবে।”

ইনু মনে করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী তাদের সেই মনোভাব থেকে ফিরে আসেনি।

“তারা নতুনভাবে প্রকাশ্যে আক্রমণ শুরু করেছে”, বলেন মন্ত্রী।

জামায়াতে ইসলামী শুরু থেকেই যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।

এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে তিন দফা হরতালও করেছে দলটি।

কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি

তথ্যমন্ত্রী বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই এসব ক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি ‘আদায়ের চেষ্টা’ সরকার করবে।

শাহবাগে আন্দোলনরতদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের যে ইশতেহার নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে সেই অনুযায়ী বিচার করা হবে।

শুধু যুদ্ধাপরাধী নয় তাদের সহযোগীদেরও ঘৃণা করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান মন্ত্রী।

মহাজোটের সঙ্গে জামায়াতে ইসলামীর সমঝোতার অভিযোগ নাকচ করে ইনু বলেন, “এ ধরনের কোনো সমঝোতা বা অাঁতাতের প্রশ্নই উঠে না।”

এসব বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‘ইসলামকে ধ্বংস করার জন্য’ রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধপরাধের বিচার হচ্ছে বলে জামায়ত বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামকে কোনো বিচারেই ইসলামের সমর্থক বলা যায় না। জামায়াত একটি মুনাফেকের দল। ১৯৭১ সালে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করা হয়েছে আর জামায়াত পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করে হত্যাযজ্ঞ চালিয়ে মুনাফেকের কাজ করেছে।

“গোলাম আজম, নিজামী, মুজাহিদরা কেউ ধর্ম শিক্ষক বা ধর্ম প্রচারক নন, তারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক হানাহানি ও সংঘাতে লিপ্ত হন।”

“১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে তারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, লুট করেছে দুই লাখ নারীর সম্ভ্রম এবং কোটি মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে যাদের শতকরা ৯৫ ভাগই মুসলমান। সুতরাং জামায়ত ইসলামীকে কোনো বিচারেই ইসলামের সমর্থক বলা যায় না”, বলেন ইনু।