পেছনে তাকান: প্রধানমন্ত্রীকে ফখরুল
যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধীদলীয় নেতা থাকাকালে বিভিন্ন রাষ্ট্রদূতকে লেখা শেখ হাসিনার চিঠি পাঠানোর বিষয়টি তুলে ধরেছেন বিএনপির মুখপাত্র।
গত ২৭ জানুয়ারি ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধ ধরে বুধবার প্রধানমন্ত্রী বলেন, দেশকে ‘শায়েস্তা’ করতে অন্য দেশকে ডেকে আনছেন বিরোধীদলীয় নেতা।
“প্রধানমন্ত্রীকে বলব, একবার আপনি পেছনের দিকে তাকিয়ে দেখুন। তিনি যখন বিরোধীদলীয় নেতা ছিলেন, তখন বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসে চিঠি দিয়েছিলেন।”
বুধবার রাতে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে যান মির্জা ফখরুল।
সেখানেই সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি।
হৃদরোগে আক্রান্ত তরিকুল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। ফখরুল কারাগারে থাকার সময় বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিব আইসিইউতে চিকিৎসাধীন তরিকুলের পাশ কিছু সময় থেকে চিকিৎসকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
ফখরুল আরো বলেন, “এক-এগারোর আগেও শেখ হাসিনা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে তৎকালীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে দেন-দরবার করেছিলেন।”
ওয়াশিংটন টাইমসের নিবন্ধের বিষয়ে বিএনপি নেতা বলেন, “দেশের বাস্তব অবস্থা তুলে ধরতে বিরোধীদলীয় নেতা এই নিবন্ধ লিখেছেন। দেশের নাগরিক হিসেবে তিনি (খালেদা জিয়া) তা লিখতেই পারেন।”
বিরোধীদলীয় নেতা নিবন্ধে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে তা সচলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা করেন।
তরিকুলকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় ফখরুলের সঙ্গে ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিবুল ইসলাম হাবিব, সুলতান সালাহউদ্দিন টুকু, তকদীর হোসেন জসিম প্রমুখ।
