২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে হরতালের শুরুতেই সংঘর্ষ

জামায়াতে ইসলামীর ডাকে টানা দ্বিতীয় দিনের হরতালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 04:06 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

সংঘর্ষের পর ৬ জনকে আটক করেছে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর বুধবারও হরতাল ডাকে দলটি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল পৌনে ৭টার দিকে শহরের গলাচিপা নিতাইগঞ্জ এলাকা থেকে হরতাল সমর্থনে মহানগর ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে লোহার রড ও লাঠিসোটা নিয়ে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা।

শহরের চাষাঢ়া এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

পুলিশ পাল্টা লাঠিপেটা করে এবং টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে শিবিরকর্মীরা শহরের বিভিন্ন গলিতে আশ্রয় নেয়। আটক করা হয়েছে ৬ জনকে।

আহতদের মধ্যে অজ্ঞাত একজন শিবিরকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মঞ্জুর কাদের আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৩ জনসহ ৬ জনকে আটক করেছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।