চট্টগ্রামে গাড়ি ভাংচুর, টেম্পোতে আগুন
অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের মধ্যে দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে চলছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনটি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শহীদউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে সকাল সোয়া ১০টার দিকে নগরীর নাসিরাবাদ এলাকায় রূপনগর কমিউনিটি সেন্টারের সামনে হরতাল সমর্থকরা একটি টেম্পোতে আগুন দেয়।
এছাড়া তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে গাড়িতে হামলা ও ভাংচুর এবং টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতার চেষ্টা করছে বলে জানান শহীদউল্লাহ।
এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ জানান, আন্দরকিল্লা এলাকায় গাড়ি ভাংচুর চেষ্টার অভিযোগে এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সকালে রেয়াজ উদ্দিন বাজার তিনপুলের মাথা, কুলগাঁও, লালদীঘি, চট্টেশ্বরী রোড, অক্সিজেন এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রাক ও অন্যান্য যানবাহনে ভাংচুর চালিয়েছে হরতাল সমর্থকরা।
