ষষ্ঠ মামলায়ও জামিন পেলেন ফখরুল
অবরোধের সময় ভাংচুরের অভিযোগে কলাবাগান থানার মামলাতেও হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই মুহূর্তে আর কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় ফখরুলের মুক্তিতে আর বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী রাগিব রউফ চৌধুরী।
তিনি বলেন, “আদালত ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।”
আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ।
ফখরুলের আরেক আইনজীবী সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে ভাংচুরের অভিযোগে মির্জা ফখরুলকে মোট ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর মধ্যে দুটি মামলায় নিম্ন আদালত থেকে এবং ৩টি মামলায় হাই কোর্ট থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতেই আসামি করা হয়েছে ফখরুলকে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।
হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় ১৫ জানুয়ারি জামিন পান ফখরুল। মতিঝিলের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে গেলেও পরে হাই কোর্ট তাকে ছয় মাসের জামিন দেয়।
এরইমধ্যে ফখরুলকে কলাবাগান ও পল্টন থানার অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩১ জানুয়ারি পল্টন থানার মামলায় মহানগর দায়রা আদালত থেকে জামিন পান তিনি।
তবে পুলিশের কাজে বাধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাংচুরের অভিযোগে করা কলাবাগান থানার মামলায় দায়রা আদালত ফখরুলের জামিন নামঞ্জুর করলে তিনি হাই কোর্টে আসেন।
তাকে ‘যথাযথ আইনি প্রক্রিয়া’ ছাড়া নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে গত ২৮ জানুয়ারি দুই মাসের অন্তর্বর্তীকালীন আদেশ দেয় হাই কোর্ট।
এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।
