২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদেরও ছাড় নয়: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধের বিচার যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরও কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

তিনি বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নৈরাজ্যের সৃষ্টি করছে, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

রোববার ঢাকার কামরাঙ্গীরচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইঙ্গিত করেন, বিরোধী দলের চলমান আন্দোলন যুদ্ধাপরাধে অভিযুক্তদের রক্ষার জন্য। 

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যতই মানুষ হত্যা করেন না কেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না।

“এই হত্যার জন্য আপনি (খালেদা জিয়া), আপনার ক্যাডার আর আপনার দোসরদের বাংলার মাটিতেই বিচার হবে।”

যুদ্ধাপরাধের বিচারের পক্ষে জনরায় নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কথা দিয়েছিলাম, জয়ী হলে ‍যুদ্ধাপরাধীদের বিচার করব। বিচারের কাজ শুরু করেছি, আমরা একটা রায়ও পেয়েছি।”

৪০ বছরে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়াকে ‘জাতির কপালে কালিমা’ বলে মন্তব্য করেন তিনি।

কোম্পানীঘাট কেরানীগঞ্জ ও সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় আগামী নির্বাচনের জন্য ভোটও চেয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা দুই হাত তুলে ওয়াদা করেন, আমাদের ভোট দেবেন।”

আওয়ামী লীগের এই জনসভায় সমবেতরা তখন দুই হাত তুলে বলে ‘হ্যাঁ’।

শেখ হাসিনা বলেন, “আপনারা নৌকায় ভোট দেবেন। আমরা উন্নয়ন করব।”

জনসভাস্থলে প্রধানমন্ত্রী ১১টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি মহাবিদ্যালয় এবং একটি কমিউনিটি সেন্টারের ভিত্তিস্থাপন করেন।

বিদ্যালয়বিহীন গ্রামে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় কামরাঙ্গীর চরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিফলকও উন্মোচন করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী কামরাঙ্গীরচর থানা পুলিশের ব্যবহারের জন্য দুটি পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।

রোববার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষায় যারা অংশ নিচ্ছে তাদের শুভকামনা করে শেখ হাসিনা বলেন, “আমাদের লক্ষ্য আমাদের ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে।

“সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করতে হবে।”

ক্ষমতায় থাকলে প্রাথমিক পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও পানির ব্যবহারে সবাই সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

নাগরিক সুবিধা নিশ্চিত করতে ঢাকার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো সিটি করপোরেশনে অধীনে নেয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিফলক উন্মোচনের পর শেখ হাসিনা বলেন, “কামরাঙ্গীচর সবচেয়ে অবহেলিত ছিল। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি।”

স্থানীয় সংসদ সদস্য, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওছার, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।